পরামর্শ

পোশাক ও সাজঃ

পোশাক ও সাজঃ

পুরুষঃ আমাদের দেশে অফিস আদালতে ছেলেদের জন্য শার্ট প্যান্ট ফর্মাল পোশাক হিসেবে পরিচিত। শার্টের রঙ সাদা বা হালকা নীলের কোন শেড হলে সেফ। ধর্মীয় উদ্দেশ্যে হলে পাঞ্জাবী-পায়জামা পড়তে পারেন। পাঞ্জাবী পড়লে সাদা পাঞ্জাবীই ফরমাল হিসেবে বেশি গ্রহণযোগ্য। স্যুট যে পড়তেই হবে এমন কোন কথা নেই। তবে নিজেকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য স্যুট পড়তে পারেন। স্যুট নেভি ব্লু, কালো কিংবা এশ রঙ এর বাইরে না যাওয়াই সেফ। টাই স্যুটের রঙ এর সাথে মানানসই রঙ এর নিন। যাদের গরমে কষ্ট হয়, তাদের খুব গরমে ভাইবা হলে স্যুট না পরলেই ভালো। স্যুট না পড়লে ২ মার্কস কম দিবেনা কোনভাবে। আমি গরমের মধ্যেও স্যুট পড়েছিলাম কারণ স্যুট পড়ে নিজের কাছে ভালো লাগছিল। আপনার নিজের মানসিক আরামটাই এখানে মুখ্য এটা মনে রাখবেন। যাই পড়েন সেটাকে পরিপাটি করে পড়াটাই জরুরি। শুধু শার্ট হলে সুন্দর ইস্ত্রী করা পরিষ্কার একটা শার্টই যথেষ্ট। দাড়ি শেভ ই করে ফেলতে হবে এমন কোন কথা নেই। যারা ধর্মীয়ভাবে দাড়ি রাখেন তারা তো নিঃসন্দেহে রাখতে পারেন। কোন সমস্যা নেই। আর যারা হালকা চাপদাড়ি রাখেন, সেটাকে গুছিয়ে মার্জিত শেপ করে রাখবেন। খুব বোল্ড এবং চোখে পড়ে এমন যে কোন ডিজাইন পরিহার করবেন। চুল কাটার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এখানে মূল উদ্দেশ্য দুটি- মার্জিত উপস্থাপন ও আপনার কমফোর্ট। যিনি কখনো শেভ করেননা, তিনি হঠাৎ শেভ করলে নিজের লুকের ব্যাপারে ইনসিকিওর ফিল করতে পারেন। তার জন্য সুন্দরভাবে দাড়ি রাখাই ভালো কারন চাপ দাড়ি কোন অমার্জিত বৈশিষ্ট্য নয়। যিনি মনে করবেন শেভ করলে উনার নিজেকে ভালো লাগবে, উনি শেভ করে ফেলবেন। নারীঃ মেয়েরা সালোয়ার কামিজ বা শাড়ি যেটাতে কমফোর্টেবল সেটা পড়তে পারেন। শুধু যারা শাড়ি পড়তে একদমই অভ্যস্ত নন, শাড়ি পড়লে শাড়ি সামলাতে আপনাকে অনেক সচেতন ও ব্যাস্ত থাকতে হয়, তারা সালোয়ার কামিজ পড়লেই সবচে ভালো করবেন। তাহলে ভাইবায় আপনার পূর্ণ মনযোগ দিতে পারবেন।